প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ আব্দুস শাকিম, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় প্রশাসনের অভিযানে সরকারি ভর্তুকির ৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার আটক করা হয়।
জানা গেছে, মান্দা উপজেলার জন্য বরাদ্দকৃত এসব সার দুটি চার্জার ভ্যানে করে রাজশাহীর বাগমারা উপজেলায় পাচারের সময় জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে ছিল ২৫ বস্তা ডিএপি এবং ২০ বস্তা টিএসপি।
পরে জব্দকৃত সার কালিকাপুর ইউনিয়নের ব্লক সুপারভাইজার বুলবুল আহমেদের জিম্মায় দিয়ে স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাইমিনুল ইসলাম।
জব্দকৃত সার বহনকারী ভ্যানচালক জানান, তিনি সারের উৎস সম্পর্কে কিছু জানেন না। তার দাবি, মূল পরিবহন যানটি বিকল হয়ে গেলে সেগুলো তার ভ্যানে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, সারগুলো পার্শ্ববর্তী বাগমারা উপজেলার দামনাশ হাটের এক ব্যবসায়ীর দোকানে নেওয়া হচ্ছিল।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, দুটি চার্জার ভ্যানে করে রাসায়নিক সার বাগমারায় পাচার করা হচ্ছিল। এক উপজেলার বরাদ্দকৃত সার অন্য উপজেলায় নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
মন্তব্য করুন