প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটিকে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক ও টেকসই কাঠামো প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে হজরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় মাজারের উন্নয়ন, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, মাজারের উন্নয়ন, দানের অর্থের সঠিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক কার্যক্রমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার বিষয়ে সবাই একমত হয়েছেন এবং মাজার কর্তৃপক্ষও এতে সম্মতি দিয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য। নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানের অর্থ গণনা করবে এবং তা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশের কমিশনার, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুই প্রতিনিধি এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুই প্রতিনিধি। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।
উল্লেখ্য, সম্প্রতি মাজারের দানবাক্সের অর্থের হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবে দানবাক্সে তালা দেওয়া এবং অর্থ গণনার প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করার উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে অন্যত্র বদলি করা হয়।
মন্তব্য করুন