প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
কারণে-অকারণে সংসদ থেকে ওয়াকআউট না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, সংসদে ওয়াকআউট বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার এবং এটি একটি রাজনৈতিক চর্চা। তবে দীর্ঘ সময় ধরে বয়কট চলতে থাকলে সংসদের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণ তাদের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউসে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্পিকার আরও বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে যারা একসঙ্গে আন্দোলন করেছেন, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। অন্যথায়, যারা বিদেশে অবস্থান করছে তারা ফিরে এসে আবারও দুঃশাসন কায়েমের চেষ্টা করতে পারে।
তিনি উল্লেখ করেন, দেশের বিগত সময়কে জাতীয় জীবনের অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়, যেখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে এবং জনগণের মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে যেন আর কখনও গণতন্ত্র ব্যাহত না হয়, সে বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য থাকা প্রয়োজন। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা যাতে অটুট থাকে, সে লক্ষ্যেই সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন