প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ অনিশ্চয়তা ও জটিলতার পর অবশেষে মাঠে ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। টুর্নামেন্টটি পুনরায় চালুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তামিম ইকবাল—এমনটাই মনে করেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
বিসিবির সাম্প্রতিক নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে দেশের শীর্ষ ক্লাবগুলো অংশ না নেওয়ায় ডিপিএল নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে ক্লাবগুলোর ঘরোয়া ক্রিকেট বয়কটের ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
এ অবস্থায় জাতীয় ক্রীড়া পরিষদ আগের বোর্ড ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করে, যার নেতৃত্বে দায়িত্ব পান তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ডিপিএল আয়োজন নিয়ে দ্রুত উদ্যোগ নেন এবং ক্লাব প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফা আলোচনায় বসেন।
এরই ধারাবাহিকতায় ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে দলবদল কার্যক্রম, যা আসন্ন লিগ শুরুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে ডিপিএল ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে এবং স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের মাঝে।
মিরপুরে দলবদলের সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মাহমুদউল্লাহ বলেন, “আমার মনে হয় এর কৃতিত্ব তামিমের। কারণ সে এসে এই উদ্যোগটা নিয়েছে। দিনশেষে ক্রিকেটাররা মাঠে খেলতে চায়, এর চেয়ে বড় কিছু নেই।”
তিনি আরও বলেন, “ডিপিএল শুরু হওয়াটা খুবই স্বস্তির বিষয়। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম, এটা সত্যিই আনন্দের খবর।”
এদিকে নতুন মৌসুমে মোহামেডান ছেড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ। নতুন দল নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন তিনি।
দলের ভারসাম্য নিয়ে তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি দল নিয়ে খুবই খুশি। টপ অর্ডার থেকে মিডল অর্ডার—সব জায়গায় ভালো সমন্বয় আছে। পেস ও স্পিন দুই বিভাগই শক্তিশালী।”
সব মিলিয়ে, ডিপিএল আবার মাঠে ফেরার মধ্য দিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে স্বস্তি ফিরেছে, আর এই অচলাবস্থা কাটিয়ে উঠতে তামিম ইকবালের ভূমিকা বিশেষভাবে আলোচনায় এসেছে।
মন্তব্য করুন