প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:২২ পিএম

অনলাইন সংস্করণ

জরুরি পদক্ষেপে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী তারেক রহমান

 

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের নেওয়া জরুরি পদক্ষেপে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তন-এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত দুই সরকার সময়মতো হামের টিকাদান কার্যক্রম জোরদার না করে গুরুতর অবহেলা করেছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এটিই ছিল তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্যখাতের উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় আনা হবে। পাশাপাশি সমন্বিত ই-হেলথ কার্ড চালু এবং ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্যবীমা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসাসেবা উন্নত করা হবে এবং শহর-গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য কমাতে সরকার কাজ করছে।

স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, “ক্রমে জিডিপির পাঁচ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

চিকিৎসকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ৮০ শতাংশ নারী কর্মী থাকবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন