প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মা-অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার সোনাহার এলাকায় তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক ও ৬ নম্বর মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ উপজেলা সেক্রেটারি গোলাম রব্বানী পঞ্চগড়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও পারিবারিক তদারকি নিশ্চিত করা গেলে ফলাফল আরও উন্নত হবে।
এ সময় জানানো হয়, ২০২৫ সালে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন বৃত্তি অর্জন করেছে। পাশাপাশি ইবতেদায়ি সরকারি মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৮ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন