প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০৮:০৭ এ এম

অনলাইন সংস্করণ

দিল্লি বিমানবন্দরে ‘হেনস্তা’, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ছবি সংগ্রীহিত

 

প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ওই আচরণে অসন্তুষ্ট হয়ে তিনি সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

কূটনৈতিক ও গণমাধ্যম সূত্রে জানা যায়, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে রোববার দিল্লি পৌঁছান জাহেদ উর রহমান। এর আগে তার সফর সম্পর্কে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেছিল।

দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। পরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি ভারতে না থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। জানা গেছে, তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হন এবং পরে ঢাকায় ফেরেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা-সংক্রান্ত একটি ‘ওয়াচলিস্টে’ নাম থাকার কারণে সাময়িকভাবে তাকে আটকে রাখা হয়েছিল। প্রতিবেদনে আরও দাবি করা হয়, একটি প্রশাসনিক ত্রুটির কারণে তার নাম ইমিগ্রেশন ব্যবস্থায় থেকে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে কেন তার নাম ওই তালিকায় ছিল বা কীভাবে তা রেকর্ডে রয়ে গেছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে বাংলাদেশ বা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্যও দেওয়া হয়নি।

মন্তব্য করুন