প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এ এম
অনলাইন সংস্করণ
মোঃ আক্তার হোসেন: হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় টানা প্রায় দুই সপ্তাহ ধরে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ চলে গেলে এক থেকে দেড় ঘণ্টার আগে তা ফিরে আসে না। ফলে গরমের মধ্যে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে নামাজের সময় বিদ্যুৎ না থাকার ঘটনা নিয়মিত হওয়ায় ক্ষোভ বাড়ছে ধর্মপ্রাণ মানুষের মধ্যে।
উপজেলার বাজারগুলোতে গিয়ে দেখা গেছে, বিদ্যুৎ না থাকায় ক্রেতা উপস্থিতি কমে গেছে। ব্যবসায়ীরা জানান, গরম ও অন্ধকারের কারণে ক্রেতারা দোকানে আসতে চান না, আর যারা আসেন তারাও বেশিক্ষণ থাকেন না। এতে করে বিক্রি কমে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
এদিকে, আগামী ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় পড়ার পরিবেশ নষ্ট হচ্ছে, যা পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
এ পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই হাইমচর উপজেলা বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন।
ভুক্তভোগীরা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন চান। তাদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে জনজীবনের দুর্ভোগ আরও বাড়বে এবং শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ক্ষতি দীর্ঘমেয়াদি হয়ে উঠতে পারে।
মন্তব্য করুন