প্রকাশিত: ৫৪ মিনিট আগে, ১২:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

 


 

 

পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে পুলিশকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। একই সঙ্গে ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি পুলিশ সদস্যকে মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। কোনো নাগরিক যেন পুলিশি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সরকারের সময়ে পুলিশ বাহিনী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে জনগণের বন্ধু ও সেবক হিসেবে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেন। গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মৌলিক প্রশিক্ষণ ছয় মাসব্যাপী অনুষ্ঠিত হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এবার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি ‘বেস্ট প্রবেশনার’‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’—এই দুই বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এ ছাড়া ‘বেস্ট একাডেমিক’ পুরস্কার পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান

মন্তব্য করুন