প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৫ এ এম
অনলাইন সংস্করণ
পাবনা সদর উপজেলার একটি ভবনের বেজমেন্টে তৈরি করা গোপন কক্ষ থেকে দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি যুবদলের সঙ্গে সম্পৃক্ত।
শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কোমরপুর সীমান্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকার একটি ভবনের বেজমেন্টে চোরাই গরু রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ভবনের একটি গোপন কক্ষ থেকে দুটি গরু উদ্ধার করা হয়। এ সময় শরিফুল ইসলামকে আটক করে পুলিশ।
আটক শরিফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ইসমাইল গুন্ডির ছেলে।
স্থানীয়রা জানান, ভবনটির মালিক শরিফুল ইসলাম। ভবনের একটি কক্ষ যুবদলের ব্যানার ব্যবহার করে কার্যালয় হিসেবে পরিচিত ছিল। তাদের অভিযোগ, ভবনের বেজমেন্টে তৈরি করা গোপন কক্ষে চোরাই গরু রাখা হতো।
শরিফুল আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও পাবনা জেলা যুবদলের বিভিন্ন নেতার সঙ্গে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ছবি ও ভিডিওতে তাকে যুবদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
এ বিষয়ে পাবনা জেলা যুবদলের সদস্যসচিব মনির হোসাইন বলেন, শরিফুলকে তিনি চেনেন এবং তিনি বিভিন্ন সময় দলের কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে তিনি যুবদলের কোনো কমিটির সদস্য নন। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গরুসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্তের পাশাপাশি ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন