প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন জয়পুরহাটের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ৪৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ১ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। জেলার জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকার মধ্যে পাঁচবিবি উপজেলায় বিতরণ করা হয় ৪ লাখ ৫০ হাজার টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ বলেন, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচি নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ সৃষ্টি হয়েছে। সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি অসচ্ছল পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ঈদের আগে এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য করুন