প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ
মো: রিপন আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির ’২৬’।
গত ১৪ ও ১৫ এপ্রিল জেলার একটি অভিজাত হলরুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মহসিন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজিরুল ইসলাম জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। ছাত্রশিবিরের কর্মীদের আদর্শিক জ্ঞান ও নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।”
এ সময় জেলা সভাপতি ফরিদ উদ্দিন বলেন, ২-৩ দিনব্যাপী প্রোগ্রাম ছাত্রশিবিরের একটি ঐতিহ্য। দীর্ঘ ১৫-১৬ বছর সরকারের জুলুম-নির্যাতনের কারণে ছাত্রশিবির উন্মুক্ত পরিবেশে এ ধরনের ২-৩ দিনব্যাপী কোনো প্রোগ্রাম আয়োজন করতে পারেনি। এমন কোনো আয়োজন করতে গেলেই নানা প্রতিবন্ধকতা পেরিয়ে, আতঙ্কের মধ্যে স্বল্প সময়ে তা শেষ করতে হতো।
তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে এমন একটি পরিস্থিতি দান করেছেন, যেখানে আমরা স্বাভাবিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারছি। একইসঙ্গে তিনি সকল ‘জুলাই যোদ্ধা’-দের জন্য দোয়া করেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এ ধরনের অনুকূল পরিস্থিতি অর্জন করেছি।
দুই দিনব্যাপী এই সাথী শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন স্তরের সাথীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক দারস, সাংগঠনিক কর্মশালা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির ওপর বিশেষ সেশন পরিচালিত হয়। বক্তারা মানবাধিকার রক্ষা এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে সাথীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে এই সফল শিক্ষাশিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন