প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ
বাঘারপাড়ায় বাসচাপায় নারীর মৃত্যু
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আয়েশা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা বাজার সংলগ্ন পারহাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আয়েশা খাতুন উপজেলার ছাইবাড়িয়া গ্রামের বাসিন্দা মোতালেব হোসেনের স্ত্রী। তিনি ছেলে হযরত আলীর মোটরসাইকেলে করে চাড়াভিটা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে পারহাউজ এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে যান তিনি।
এ সময় পেছন দিক থেকে আসা গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যশোর থেকে নড়াইলের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এখনো পর্যন্ত ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য করুন