প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার:
গানম্যানসহ ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যাতায়াতের চেষ্টা করতে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী এস এম খালিদুজ্জামান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমের হাতে পৌঁছেছে।
ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টে প্রবেশের সময় দায়িত্বে থাকা সেনাসদস্যরা তার পরিচয় জানতে চাইলে সঙ্গে থাকা একজন জানান, তিনি ওই আসনের এমপি প্রার্থী। দলীয় পরিচয় জানতে চাইলে জানানো হয়, তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী। এ সময় সেনাসদস্যরা ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ নিষিদ্ধ—এমন নিয়মের কথা উল্লেখ করেন।
এরপর খালিদুজ্জামান উত্তেজিত হয়ে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ান। তিনি অভিযোগ করেন, কিছু সেনা কর্মকর্তা পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করছেন এবং দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছেন। প্রয়োজনে সেনাপ্রধান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন।
একপর্যায়ে দায়িত্বে থাকা সেনাসদস্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। ফোনালাপে জানানো হয়, একজন জামায়াত প্রার্থী গানম্যানসহ ক্যান্টনমেন্ট দিয়ে পার হতে চাচ্ছেন। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গানম্যান ছাড়া পার হওয়ার বিষয়টি প্রার্থীকে জানানো হয়।
তবে খালিদুজ্জামান এতে অসম্মতি জানান এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন। এ সময় ভিডিও ধারণ নিয়েও আপত্তি তোলেন সেনাসদস্যরা এবং ক্যান্টনমেন্ট এলাকায় ভিডিও করা নিষিদ্ধ বলে জানান।
দীর্ঘ বাগ্বিতণ্ডার পর সেনাসদস্যরা স্পষ্ট করে বলেন, ক্যান্টনমেন্টের ভেতরে প্রার্থী সম্পূর্ণ নিরাপদ থাকবেন এবং গানম্যান ছাড়া প্রবেশের নিয়ম মানতে হবে। শেষ পর্যন্ত খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট দিয়ে না গিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং গাড়ি ঘুরিয়ে স্থান ত্যাগ করেন।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন