প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ১১:২৫ এ এম

অনলাইন সংস্করণ

চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি: গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ছবি: সংগ্রীহিত

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মীর মোজাম্মেল হোসেন মননকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকালে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মননকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তাকে সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর থেকেই মীর মোজাম্মেল হোসেন মনন স্থানীয় ব্যবসায়ী নুরুজ্জামান রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ রয়েছে, চাঁদা না দিলে তার ফ্যাক্টরি ও মাদ্রাসা বন্ধ করে দেওয়া এবং ব্যক্তিগতভাবে হামলার হুমকিও দেওয়া হয়।

ঘটনার জেরে গত ৬ মার্চ পবিত্র রমজান উপলক্ষে ইসলামিয়া মসজিদ ও মাদ্রাসা এবং একটি ফ্যাক্টরির কর্মচারীদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় অভিযুক্তরা মোটরসাইকেল ও অটোরিকশায় এসে পুনরায় চাঁদা দেওয়ার জন্য হুমকি দেন। স্থানীয়রা এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

পরদিন ৭ মার্চ রাতে এ ঘটনায় আরিফুজ্জামান খান বাদী হয়ে গফরগাঁও থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫–৩০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত মীর মোজাম্মেল হোসেন মনন বলেন, তিনি বহিষ্কারের সংবাদ পেয়েছেন এবং এর কারণ জানতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন।

মন্তব্য করুন