প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

সিলেট ১ আসনে আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদ করায় চাকরিচ্যুত স্কুল শিক্ষক

 

এম সাঈদ, সিলেট প্রতিনিধি :

সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রতিবাদ করায় এক স্কুল শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


অভিযোগকারী শিক্ষক রিয়াজ উদ্দিন সিলেট নগরীর স্কলার্সহোম স্কুলের শিক্ষক। জানা গেছে, স্কলার্সহোম স্কুলের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, যিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য।


সাসপেন্ড হওয়ার বিষয়ে রিয়াজ উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেন, সংসদ নির্বাচনের তিন দিন আগে সিলেট-১ আসনের তৎকালীন সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির–কে স্কলার্সহোম স্কুলে এনে নির্বাচনী প্রচারণার সুযোগ করে দেওয়া হয়।

 

ওই সময় স্কুলটির কয়েকজন শিক্ষক সংশ্লিষ্ট আসনের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ছিলেন, যা নির্বাচন আচরণবিধি ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী বলে তিনি মনে করেন।


ফেসবুক পোস্টে রিয়াজ উদ্দিন লেখেন, “আমার অপরাধ ছিল এই ঘটনার প্রতিবাদ করা। আজ আমাকে সেই ঘটনার জের ধরে আওয়ামী লীগের প্রতিষ্ঠান স্কলার্সহোম থেকে সাসপেন্ড করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”


তিনি আরও দাবি করেন, আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।


এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তা পাওয়া যায়নি।

মন্তব্য করুন