প্রকাশিত: ৮ মে, ২০২৬, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (৮ মে) ভোরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি ফার্নিচার ও হার্ডওয়ারের দোকানে প্রথম আগুন লাগে। পরে মুহূর্তেই আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাজারের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই চারটি দোকানের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বকুল শেখ জানান, তার ফার্নিচার ও হার্ডওয়ারের দোকানে থাকা মালপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অন্য ব্যবসায়ী ফারুক বিশ্বাস বলেন, তার দোকানের আসবাবপত্র ও কাঠের মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একটি হার্ডওয়ারের দোকান সম্পূর্ণ এবং কয়েকটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আশপাশের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে।
মন্তব্য করুন