প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ০৭:৫৯ এ এম

অনলাইন সংস্করণ

মুমূর্ষু প্রসূতিকে রক্ত দিলেন গোয়াইনঘাটের ইউএনও

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
মুমূর্ষু এক প্রসূতি মায়ের জীবন বাঁচাতে নিজে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

রোববার উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনি গ্রামের তানজিনা বেগম প্রসববেদনা নিয়ে গোয়াইনঘাট কেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, প্রসূতি ও গর্ভস্থ শিশুর জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।

পরিবারের সদস্যরা প্রয়োজনীয় রক্তের সন্ধান করেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে রোববার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান ইউএনও রতন কুমার অধিকারী। পরে তিনি নিজেই রক্ত দিয়ে প্রসূতি মাকে সহায়তা করেন।

রোগীর মা জুলেখা বেগম বলেন, জরুরি রক্তের প্রয়োজনের কথা জানতে পেরে তাঁরা দিশেহারা হয়ে পড়েছিলেন। এ সময় ইউএনও এগিয়ে এসে রক্ত দেওয়ায় তাঁরা কৃতজ্ঞ।

গোয়াইনঘাট কেয়ার হাসপাতালের চিকিৎসক শায়লা ইসলাম স্বর্ণা বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। ওই সময়ে রক্তের ব্যবস্থা করা জরুরি ছিল। ইউএনও দ্রুত হাসপাতালে এসে রক্ত দেওয়ায় তিনি প্রশংসা করেন।

ইউএনও রতন কুমার অধিকারী বলেন, প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোও প্রত্যেকের নৈতিক দায়িত্ব। প্রসূতি মা ও তাঁর অনাগত সন্তানের সংকটের কথা শুনে তিনি রক্ত দিতে এগিয়ে আসেন।

স্থানীয়রা বলছেন, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।

মন্তব্য করুন