প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১১:২১ এ এম
অনলাইন সংস্করণ
জাহিদুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে প্রথমবারের মতো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফুল আলম সালেহী ও ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, লালমনিরহাট জেলার উদ্যোগে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় থাকছে ১ লাখ ৫০ হাজার টাকার বৃত্তি ও আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ল্যাপটপ। এ ছাড়া বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগসহ অন্যান্য পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে।
আগামী ১৩ নভেম্বর ২০২৬ তারিখে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
লালমনিরহাটে প্রথমবারের মতো আয়োজিত এ বৃহৎ পরিসরের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন