প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০৯:৫৪ এ এম
অনলাইন সংস্করণ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় খলিল উদ্দিন ও গোলাম হোসেন নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দ মিনহাজুম মুনিরা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।
দণ্ডপ্রাপ্ত খলিল উদ্দিন নবীগঞ্জ উপজেলার হরিণগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে এবং গোলাম হোসেন একই গ্রামের ইশ্শাদ উল্লাহর ছেলে।
মামলার নথি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে হরিণগর গ্রামে কিশোরী জুবা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ নবীগঞ্জ উপজেলার কাজীরবাজার-মার্কুলী সড়কের পাশের একটি ধানখেতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা ছুফি মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে আসামি করা হয়।
পরে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বলেন, এ রায় নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
প্রায় পাঁচ বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটির রায় ঘোষণা করা হলো।
মন্তব্য করুন