প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬, ১০:৫০ এ এম

অনলাইন সংস্করণ

মণিরামপুর থানার সামনে অস্বাস্থ্যকর হোটেল ব্যবসা

ফারুক আহমেদ, উপজেলা প্রতিনিধি, মণিরামপুর (যশোর):
যশোরের মণিরামপুরে থানার প্রধান ফটকের সামনেই অস্বাস্থ্যকর পরিবেশে প্রকাশ্যে চলছে হোটেল ব্যবসা—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান নজরদারি নেই বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, “শুনের হোটেল” নামে একটি খাবারের দোকানের রান্নাঘরে নেই ন্যূনতম পরিচ্ছন্নতা। অপরিষ্কার বাসনপত্র, দূষিত পানি ব্যবহার এবং খোলা পরিবেশে খাবার সংরক্ষণের মতো গুরুতর অনিয়ম চলছে প্রকাশ্যে। এতে প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ ক্রেতারা।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “থানার গেটের সামনেই যদি এমন অবস্থা থাকে, তাহলে অন্যান্য এলাকার পরিস্থিতি সহজেই অনুমান করা যায়। প্রশাসনের এ ধরনের নির্লিপ্ততা হতাশাজনক।”
অভিযোগ রয়েছে, হোটেলটিতে নিম্নমানের ও বাসি খাবার পরিবেশন করা হলেও এখনো কোনো মনিটরিং বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়নি। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ী আরও বেপরোয়া হয়ে উঠছেন বলে মনে করছেন এলাকাবাসী।
এ বিষয়ে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর এক চিকিৎসক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত খাবার গ্রহণের ফলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড এবং ফুড পয়জনিংয়ের মতো পানিবাহিত ও সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, জনস্বার্থে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি, যাতে এ ধরনের অনিয়ম বন্ধ হয় এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।

মন্তব্য করুন