প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ০৫:০৬ পিএম

অনলাইন সংস্করণ

অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে কালবেলার রায়পুর প্রতিনিধি মাজেদের বিরুদ্ধে মামলা

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে দুই ব্যক্তিকে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে দৈনিক কালবেলা-এর উপজেলা প্রতিনিধি মাজেদ হোসেন ও সাগর নামে আরও একজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করলেও অভিযুক্তরা পালিয়ে গেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের বাসিন্দা মহিউর গাজী ও একই এলাকার মোস্তফা ঢালীকে রায়পুরের নতুন বাজার খেজুরতলা এলাকা থেকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে তাদের রায়পুর সরকারি হাসপাতালের মাঠে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তাদের পরিবারের কাছে প্রথমে দুই লাখ টাকা এবং পরে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মামলার বাদী ও ভুক্তভোগী মহিউর গাজীর ছেলে দেলোয়ার মিয়া জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে কল দিয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দেয়। নিরুপায় হয়ে পরিবারের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠানো হয়। পরে বিষয়টি রায়পুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে মাগরিবের পর দুই ভুক্তভোগীকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় গত রোববার (৫ জুলাই) দেলোয়ার মিয়া বাদী হয়ে রায়পুর থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করেন।

অর্থ লেনদেনের বিষয়ে স্থানীয় এক বিকাশ এজেন্ট রাশেদ জানান, সাংবাদিক মাজেদ তার কাছ থেকে একটি এজেন্ট নম্বর নিয়ে বলেছিলেন সেখানে ৭০ হাজার টাকা আসবে। পরে ওই নম্বরে পাঁচ হাজার টাকা আসে এবং মাজেদ নিজেই এসে সেই টাকা তুলে নিয়ে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাজেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনার সত্যতা আছে। বিপদ আসলে যেমন হয়, এখন আমারও তেমন পরিস্থিতি হয়েছে।”

এদিকে স্থানীয়দের দাবি, মাজেদ হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, অতীতে এক তরুণীকে দোকানে আটকে ধর্ষণচেষ্টার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। পরে ক্ষমা চেয়ে তিনি বিষয়টি মীমাংসা করেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাজেদের বিরুদ্ধে এর আগেও ধর্ষণচেষ্টাসহ একাধিক অভিযোগ উঠেছে। এবার অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন