প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১০:২০ এ এম

অনলাইন সংস্করণ

১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে মেসিরা

ছবি: সংগ্রীহিত

 

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনার পথ যেন সহজ হতে চায় না। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করেও শেষ পর্যন্ত ১০ জনের সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কানসাস সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দল ১-১ গোলে সমতায় ছিল। অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজ ব্যবধান বাড়িয়ে ম্যাচ নিশ্চিত করেন। সেমিফাইনালে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ ইংল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১০ মিনিটেই লিওনেল মেসির কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে এগিয়ে যায় দলটি। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে নিজের অ্যাসিস্টের সংখ্যাও আরও বাড়ান মেসি।

গোল হজমের পর সুইজারল্যান্ড ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে এবং দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায়। ৬৭তম মিনিটে দান এনদোয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান।

ম্যাচের মোড় ঘুরে যায় ৭২তম মিনিটে। ভিএআরের সহায়তায় ফাউলের অভিনয়ের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো। ফলে শেষ প্রায় ৫০ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় সুইজারল্যান্ডকে।

সংখ্যাগত সুবিধা পেলেও নির্ধারিত সময়ে জয়ের গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা। সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের দুর্দান্ত কয়েকটি সেভ ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়।

অবশেষে অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে বদলি খেলোয়াড় হোসে মানুয়েল লোপেজের পাস থেকে দুর্দান্ত বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন হুলিয়ান আলভারেজ। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

এই জয়ে টানা আরেকটি কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। এবার শেষ চারে তাদের সামনে অপেক্ষা করছে ইংল্যান্ড। দুই ফুটবল পরাশক্তির লড়াই ঘিরে ইতোমধ্যে সমর্থকদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

মন্তব্য করুন