প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১০:২৪ পিএম

অনলাইন সংস্করণ

৩০ বছরের জলাবদ্ধতায় দুর্বিষহ জীবন, মানববন্ধনের পর ইউএনওর আশ্বাসে সর্দারপাড়াবাসীর স্বস্তি

ছবি: সংগ্রীহিত

৩০ বছরের জলাবদ্ধতায় দুর্বিষহ জীবন, মানববন্ধনের পর ইউএনওর আশ্বাসে সর্দারপাড়াবাসীর স্বস্তি।

মোঃ আব্দুর রশীদ

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

 যশোরের চৌগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচনামানা এলাকার সর্দারপাড়ার প্রায় ২০০টি পরিবারের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ড্রেনেজ–সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। কর্মসূচির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের অভিযোগ শোনেন, লিখিত দাবিপত্র গ্রহণ করেন এবং সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পাঁচনামানা মোড় থেকে প্রেসক্লাব মোড় হয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং মানবতর পরিবেশে বসবাসের চিত্র তুলে ধরা হয়।

স্থানীয়দের ভাষ্য, সর্দারপাড়ার অধিকাংশ মানুষ পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাঁরা রাতের বেলায় বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন, বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করেন এবং কাঁচাবাজারে পণ্য পরিবহনের কাজ করেন। শহরকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নিজেদের বসতিতে বছরের পর বছর জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে দিন কাটছে।

মানববন্ধনের একপর্যায়ে ইউএনও ফারজানা ইসলাম সেখানে উপস্থিত হয়ে বাসিন্দাদের বক্তব্য শোনেন। তিনি বলেন, সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরে স্থানীয় বিএনপির নেতা ও ইতালির লিভর্ন শাখার সভাপতি আফিল উদ্দিন দফাদার ঘটনাস্থলে এসে জানান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি বিষয়টি অবগত হয়েছেন। তাঁর পক্ষ থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য বড় মেশিনের মাধ্যমে পানি অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এর কিছু সময় পর ইউএনও ফারজানা ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এলাকাবাসীর দাবি, বছরের পর বছর নানা সময়ে আশ্বাস মিললেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তবে প্রশাসনের সরাসরি উপস্থিতি ও দ্রুত উদ্যোগে তাঁরা নতুন করে আশাবাদী হয়েছেন। তাঁদের প্রত্যাশা, দ্রুত ড্রেন নির্মাণ ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে বহু বছরের দুর্ভোগের অবসান ঘটবে।

মন্তব্য করুন