প্রকাশিত: ১৪ আগষ্ট, ২০২৬, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ
আজকের ছোট্ট চারা, ভবিষ্যতের ছায়া উচাই-আটাপুর সড়কে আস্থা সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
“আজকের ছোট্ট চারা, ভবিষ্যতের ছায়া”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নির্মল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন আস্থা সমাজ কল্যাণ সংস্থা (ASKA)।
শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই থেকে আটাপুর সড়কের বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা সড়কের পাশে উপযুক্ত স্থান নির্ধারণ করে গর্ত তৈরি, চারা রোপণ এবং চারাগুলোর প্রাথমিক পরিচর্যার ব্যবস্থা করেন। সড়কের দুই পাশে গাছগুলো বেড়ে উঠলে পথচারীদের জন্য যেমন ছায়ার ব্যবস্থা হবে, তেমনি এলাকার পরিবেশও আরও সবুজ ও মনোরম হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণের ফলে বৃক্ষরোপণের গুরুত্ব দিন দিন বাড়ছে। শুধু একটি নির্দিষ্ট সময় বা কর্মসূচিকে কেন্দ্র করে নয়, পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আজকের রোপণ করা একটি ছোট্ট চারা ভবিষ্যতে বড় হয়ে মানুষের ছায়া, ফল ও নির্মল বাতাসের উৎস হতে পারে।
তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু বিশুদ্ধ বাতাস রেখে যাওয়ার নামই বৃক্ষরোপণ। একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা মাটিতে পুঁতে দেওয়া নয়; বরং আগামী দিনের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পরিবেশের ভিত্তি তৈরি করা। তাই প্রত্যেক ব্যক্তি ও সামাজিক সংগঠনকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারাও আস্থা সমাজ কল্যাণ সংস্থা (ASKA)-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সড়কের পাশে পরিকল্পিতভাবে ফলজ ও পরিবেশবান্ধব গাছ লাগানো হলে কয়েক বছর পর ওই সড়কটি যেমন সবুজে ছেয়ে যাবে, তেমনি পথচারী ও স্থানীয় মানুষও এর সুফল পাবেন। বিশেষ করে ফলজ গাছগুলো বড় হলে স্থানীয়দের জন্য ফলেরও একটি উৎস তৈরি হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়—রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া এবং প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি রোপণ করা গাছগুলোর পরিচর্যার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতা তৈরির অংশ হিসেবে আস্থা সমাজ কল্যাণ সংস্থা (ASKS)-এর এই বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংগঠনটির এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিবেশ রক্ষার কার্যক্রমে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন