প্রকাশিত: ৮ সেপ্টেম্বার, ২০২৬, ১২:৫২ পিএম

অনলাইন সংস্করণ

আজমিরীগঞ্জে স্কুলের ফ্লোর ধসে আহত ৫ শিশু

 

আজমিরীগঞ্জ প্রতিনিধি: আজমিরীগঞ্জ উপজেলার পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষের ফ্লোর ধসে পড়ে পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

আনুমানিক দুপুর সাড়ে ১২টায় ক্লাস চলাকালীন সময়ে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রফিক মিয়ার ছেলে রাহিম বাদশা ও আজিনুর মিয়া, আবু ছালেক মিয়ার ছেলে মো. আব্দুল মান্নান মিয়া এবং ছাদেক মিয়ার ছেলে মোজাক্কির মিয়া। তারা সবাই বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে ক্লাস চলাকালীন চতুর্থ শ্রেণির কক্ষের ফ্লোরে হঠাৎ বড় ধরনের ফাটল দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই কক্ষের একাংশের মাটি সরে গিয়ে ফ্লোর নিচের দিকে ধসে পড়ে। এতে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে জানা গেছে।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুতর নেছা জানান, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ কক্ষের ফ্লোর ধসে যায়, যাতে পাঁচ শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলে জানান।

আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে সরেজমিনে পরিদর্শন করেছেন।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পরপরই আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এলজিইডি প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে। তাদের পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জেনে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন