প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০১:০৬ পিএম

অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক

ছবি: সংগ্রীহিত

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া ওরফে ইসমাইল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক। তিনি সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল ধান্যদৌল গ্রামে অভিযান চালায়। এ সময় এসআই সৈকত মজুমদার ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। অভিযানে ইসমাইলের বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, তার মাদক সংশ্লিষ্টতার বিষয়টি আগে জানা ছিল না। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দলে কোনো স্থান নেই বলেও তিনি উল্লেখ করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন