প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৭:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
মোঃ আব্দুর রশীদ: চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় হাট ইজারাদার মোঃ আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে ১০ লাখ টাকার মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। এ সময় তারা অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন বিএম হাফিজুর রহমান (সহকারী অধ্যাপক, ড. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ ও সভাপতি, চৌগাছা আড়ৎদার মৎস্য সমিতি), মোঃ উজ্জ্বল হোসেন (সভাপতি, চৌগাছা বাজার পাইকারী সমিতি), মোঃ মাসুদ রানা (সদস্য, চৌগাছা বাজার মৎস্য আড়ৎদার সমিতি) এবং আব্দুর রহিম (সহ-সভাপতি, চৌগাছা বাজার মৎস্য আড়ৎদার সমিতি)।
বক্তারা বলেন, তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। ব্যবসায়ী সমাজকে হয়রানি ও বিভ্রান্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
তারা এই ‘মিথ্যা কুৎসা রটনা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে, মিথ্যা অভিযোগ এনে ব্যবসায়ীদের সম্মানহানি করার দায়ে হাট ইজারাদার মোঃ আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মন্তব্য করুন