প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ০৯:১৬ এ এম
অনলাইন সংস্করণ
মাদারীপুরের ডাসার উপজেলায় ঘরের ভেতরে গোপন কক্ষ তৈরি করে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৭ হাজার লিটার ভোজ্যতেল।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ভোজ্যতেল গোপনে মজুত করে রাখা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর র্যাবকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে ধুয়াশার বাজারে ‘মেসার্স সরদার ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে লুকানো কক্ষের ভেতর থেকে এসব তেল উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদার।
অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অভিযানের ফলে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরবে।
অভিযানের নেতৃত্ব দেওয়া মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, জব্দকৃত তেল দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করতে এবং অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন