প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৭:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
নওগাঁ প্রতিনিধি: মোঃ আব্দুস শাকিম
নওগাঁর রাণীনগরে একটি নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জুস ও সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ কারখানার মালিক মঈনু আলী উপস্থিত না থাকায় তার স্ত্রী লাইলী খাতুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাণীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।
অভিযানে প্রায় ৭ বস্তা প্রস্তুত ভেজাল জুস এবং আরও প্রায় ১ বস্তা ছড়ানো অবস্থায় জুসসহ মোট ৮ বস্তা পণ্য জব্দ করা হয়। পরে জব্দকৃত ভেজাল জুস জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি জুস তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে হরিশপুর এলাকায় ওই কারখানায় নকল (ভেজাল) জুস উৎপাদন করা হচ্ছিল। এর আগেও একাধিকবার জরিমানা হলেও প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন কারখানার মালিক। এসব ভেজাল জুস পান করে এলাকার শিশুদের মাঝে প্রায়ই অসুস্থতার ঘটনা ঘটত। স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের হুমকি-ধামকি দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।
রাণীনগরের এসিল্যান্ড নাবিলা ইয়াসমিন জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, শিশুদের জন্য অস্বাস্থ্যকর ও নকল খাদ্যপণ্য কেনা থেকে বিরত থাকতে হবে।
মন্তব্য করুন