প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০১:২০ পিএম

অনলাইন সংস্করণ

মালিকদের বিরোধে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ দ্বিতীয় দিনেও, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: সংগ্রীহিত

 

রাজশাহী ও নাটোরের বাস মালিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো এই অচলাবস্থা অব্যাহত রয়েছে। এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে বাস মালিক সমিতির সিদ্ধান্তে রাজশাহী থেকে বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেননি মালিক ও শ্রমিক নেতারা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর রাজশাহীর একটি বাস পুনরায় রুটে চালু হলে নাটোরের একটি বাসের সঙ্গে সময়সূচি নিয়ে বিরোধ তৈরি হয়। নাটোর পক্ষকে নিয়ম মেনে চলার অনুরোধ করা হলেও তারা তা মানেনি এবং নিজেদের নিয়মে বাস চালানোর কথা জানায়। এ নিয়ে উত্তেজনার মধ্যে নাটোরে রাজশাহীর একটি বাস আটকে দেওয়া হলে পরিস্থিতি সংঘাতে রূপ নেয়।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে নাটোরে রাজশাহীর বাস আটকে দেওয়ার পাশাপাশি ঢাকাগামী বাসের কাউন্টারগুলোও বন্ধ করে দেওয়া হয়। ফলে রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী ঢাকা, রংপুর, সিরাজগঞ্জ, পাবনা ও খুলনাগামী সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ দাবি করেন, তারা কোনো বাস আটকাননি। বরং রাজশাহীতেই তাদের সাত-আটটি বাস আটকে রাখা হয়েছে এবং সেখান থেকেই আর কোনো বাস ছাড়তে দেওয়া হচ্ছে না।

রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, সমস্যা সমাধানে দুই জেলার প্রশাসন কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ বিষয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, তিনি নাটোরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। দ্রুতই দুই জেলার পরিবহন মালিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবং শিগগিরই এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন