প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১১:০১ এ এম
অনলাইন সংস্করণ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে শাকিল আহমেদ (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বুধবার রাতেই চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবির সঙ্গে জাইমা রহমানকে জড়িয়ে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন। পোস্টে তিনি ব্যঙ্গাত্মক মন্তব্যও যুক্ত করেন। পোস্টটি দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সামাজিকমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন