প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:৩২ এ এম

অনলাইন সংস্করণ

নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে যুবদল নেতা মনিরুজ্জামান মনিরকে সাময়িক অব্যাহতি

ছবি: সংগ্রীহিত

 

ফেনীর ফুলগাজীতে নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মনিরুজ্জামান মনিরের একটি নারীঘটিত ভিডিও ফুটেজ তাদের নজরে আসে। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তাকে পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন—ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, মোশারফ হোসেন সোহেল ও বেলাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ এপ্রিল মধ্যরাতে ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামে এক বিধবা নারীর ঘর থেকে মনিরুজ্জামান মনিরকে এলাকাবাসী আটক করেন। পরবর্তীতে ওই নারী ও মনিরকে জড়িয়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে বুধবার (২২ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান মনির দাবি করেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তার ভাষ্য অনুযায়ী, সশস্ত্র একদল ব্যক্তি তাকে ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তিনি পাশের ওই বাড়িতে আশ্রয় নেন। মাদক ও অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রতিপক্ষরা তাকে পরিকল্পিতভাবে হেয় করার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।

ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, বিষয়টি জানার পরই তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন