প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০৮:৪৭ এ এম
অনলাইন সংস্করণ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৭ জুন পর্যন্ত দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ পৌঁছেছে ৩৫ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারে। যা আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।
রোববার (২৮ জুন) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ থেকে ২৭ জুন—এই তিন দিনে প্রবাসীরা দেশে মোট ১৪০ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।
পরিসংখ্যানে দেখা যায়, জুন মাসের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২ দশমিক ৪৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৪৯৯ বিলিয়ন ডলার। সে হিসাবে জুন মাসের এ সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১ দশমিক ৯ শতাংশ কমেছে।
তবে মাসভিত্তিক সামান্য এই পতন সত্ত্বেও পুরো ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে শক্তিশালী রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ধারাবাহিক অর্থ প্রেরণের ফলে আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে। পাশাপাশি আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্তব্য করুন