প্রকাশিত: ২৮ আগষ্ট, ২০২৬, ০৮:২৩ এ এম

অনলাইন সংস্করণ

চৌগাছায় মহানবী (সা.)-এর শানে নাতে রাসুল ও কাওয়ালী সন্ধা

 

আব্দুর রশীদ: চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় পবিত্র ১২ রবিউল আওয়াল উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে নাতে রাসুল ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, চৌগাছার আয়োজনে  গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 এতে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা ও শান্তির শিক্ষা তুলে ধরে নাতে রাসুল, কাশিদা, ইসলামী সংগীত ও কাওয়ালী পরিবেশন করা হয়।
অনুষ্ঠানস্থল দরুদ ও সালামের সুমধুর সুরে মুখরিত হয়ে ওঠে। নবীপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। নাতে রাসুল ও ইসলামী সংগীত পরিবেশনের সময় উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে পবিত্র কোরআনের সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াত উল্লেখ করা হয়—“নিশ্চয়ই রাসুলুল্লাহর জীবনাদর্শে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।”
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানুষের কাছে তুলে ধরা, তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করা এবং ইসলামী সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত   ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ গোলাম রসুল মাননীয় সংসদ সদস্য বাঘারপাড়া।
 বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা গোলাম মোরশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, চৌগাছার সভাপতি   সরোয়ার হুসাইন।
নাতে রাসুল ও ইসলামী সংগীত পরিবেশন করেন, অ্যাডভোকেট রোকনুজ্জামানের তারার মেলা শিল্পী গোষ্ঠী যশোর, আহমেদ আতাউল্লাহ-সালমান (কাশিদা ব্যান্ড, ঢাকা), শিশু শিল্পী ইবতেসাম আবরার (তুরাগ শিল্পী গোষ্ঠী, ঢাকা), জাতীয় পুরস্কারপ্রাপ্ত তরঙ্গ শিল্পী গোষ্ঠী, যশোর এবং বাতিঘর সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, চৌগাছার শিল্পীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে নারী দর্শকদের জন্যও পৃথক বসার ব্যবস্থা রাখা হয়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, চৌগাছার উদ্যোগে আয়োজিত এ নাতে রাসুল ও কাওয়ালী সন্ধ্যায় নবীপ্রেম ও ইসলামী সাংস্কৃতিক চর্চার এক আবহ তৈরি হয়।

মন্তব্য করুন