ওমর ফারুক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

বিএনপির ইশতেহার ঘোষণা আজ, যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

বিএনপির ইশতেহার ঘোষণা আজ, যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

ওমর ফারুক, স্টাফ রিপোর্টার :

আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’— এই স্লোগানকে সামনে রেখে নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৩টায় শুরু হবে।

 এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান, মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

দলীয় সূত্র জানায়, এই ইশতেহারটি প্রণয়ন করা হয়েছে বিএনপি ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং ‘জুলাই জাতীয় সনদ’— এসব নীতিমালার সমন্বয়ে।

ইশতেহারে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ ও পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন, পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং আওয়ামী লীগ আমলের শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদানসহ বিভিন্ন জনমুখী ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী ও তরুণ সমাজের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে।

ইশতেহারে ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে বিএনপি তাদের ইশতেহারে এ খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে ‘ই-হেলথ কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি দলটির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য এবং জটিল ও প্রাণঘাতী রোগের চিকিৎসায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেল বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা খাতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ সন্ত্রাস ও মাদকমুক্ত করার কঠোর অঙ্গীকার করা হয়েছে। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ থাকবে।

এছাড়া শিক্ষকদের সামাজিক ও আর্থিক মর্যাদা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি। ইশতেহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো প্রবর্তন এবং তাদের জীবনমান উন্নয়নে বিশেষ কল্যাণমূলক কর্মসূচির আওতায় আনার জোরালো অঙ্গীকার করা হয়েছে।

মন্তব্য করুন