প্রকাশিত: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ
মিহাদ আল মেহদী, ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার উদ্যোগে একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে নারীরা অংশ নেয়। এক সময় সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, নৈতিকতা, মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে সচেতন, শিক্ষিত ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী সমাজব্যবস্থায় নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার সর্বোচ্চভাবে সংরক্ষিত থাকে। সমাজ সংস্কার ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ এবং জেলা মিডিয়া বিভাগের প্রধান মাস্টার মো. আমির হোসেন। তাঁরা নারীদের সামাজিক ও নৈতিক উন্নয়নে সংগঠিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমির মো. জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মাওলানা মো. আতাউর রহমান কামাল। সমাবেশে ভোলা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন