প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬, ১২:১০ পিএম

অনলাইন সংস্করণ

রোববার থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি

ছবি: সংগ্রীহিত

আমাদের সকাল ডেস্ক:
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের ব্যাংক লেনদেন ও সরকারি কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন এ সিদ্ধান্ত আগামী রোববার থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে এবং বিকেল ৪টার মধ্যে ব্যাংক বন্ধ করতে হবে।

এছাড়া সরকারি ও বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। দেশের সব শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, খাবারের দোকান ও ওষুধের দোকানসহ জরুরি সেবাগুলো এ নির্দেশনার বাইরে থাকবে।

সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে আগামী তিন মাসের জন্য নতুন করে কোনো যানবাহন, জলযান বা আকাশযান কেনা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম ক্রয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো এবং সরকারি অর্থায়নে বিদেশে সব ধরনের প্রশিক্ষণ আপাতত স্থগিত রাখা হয়েছে। সভা-সেমিনারের ব্যয়ও অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও একই হারে কমাতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত সুবিধায় বাস আমদানি করতে পারবে। বেসরকারি খাতেও এ সুবিধা প্রযোজ্য হবে, তবে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক দিতে হবে। শুধুমাত্র নতুন বাস আমদানির অনুমতি থাকবে, পুরোনো বাস আনা যাবে না।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি ও কার্যক্রম সম্পর্কে আগামী রোববার পৃথক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা না করার নির্দেশনাও দিয়েছে সরকার।
 

মন্তব্য করুন