প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ
আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে এই কার্যক্রম শুরু হয়।
নির্ধারিত সময়েই জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েকশ’ যোগ্য প্রার্থী পুলিশ লাইন্সে সমবেত হন। নিয়োগ কার্যক্রমের শুরুতে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে জেলা পুলিশ কঠোর নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা গ্রহণ করেছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি বিধি মোতাবেক শারীরিক ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে ধাপে ধাপে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি বা দালালের খপ্পর থেকে দূরে থাকতে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আজকের এই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মন্তব্য করুন