প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১৮ পিএম

অনলাইন সংস্করণ

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৬ জেলে, উৎকণ্ঠায় পরিবার

ছবি: সংগ্রীহিত

নিজস্ব প্রতিনিধি:
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ মোট ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়েছেন। তাদের স্বজনদের দাবি, কক্সবাজারের উখিয়া সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার জলসীমা থেকে মিয়ানমার কোস্টগার্ড তাদের আটক করে নিয়ে গেছে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান না পাওয়ায় উপকূলীয় জেলে পল্লীগুলোতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, গত ২২ মার্চ ‘মা-বাবার দোয়া’ নামের একটি ট্রলার নিয়ে ১৬ জন জেলে মেঘনা নদী পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হন। নিখোঁজ জেলেদের মধ্যে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৯ জন, নোয়াখালীর ৩ জন, চট্টগ্রামের ৩ জন এবং ভোলার ১ জন রয়েছেন।
নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, গত ২৮ মার্চ তাদের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে যোগাযোগ হয়। ওই সময় জেলেরা জানান, তারা মিয়ানমার কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন এবং সেখানে খাদ্য সংকটসহ অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
লক্ষ্মীপুরের রামগতির চরপোড়াগাছা জেলে পল্লীতে গিয়ে দেখা যায়, নিখোঁজ জেলেদের পরিবারে চলছে শোকের মাতম। অনেকেই নদীর তীরে দাঁড়িয়ে প্রিয়জনদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন। অধিকাংশ পরিবারই এসব জেলের আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় উপার্জনক্ষম সদস্যদের অনুপস্থিতিতে তারা চরম মানবিক সংকটে পড়েছেন।
ট্রলার মালিক পক্ষ জানায়, নিখোঁজ জেলেদের উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত জেলেদের উদ্ধারে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এদিকে, ১৫ এপ্রিল দুপুরে ভিকটিম পরিবারের সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন। একইদিন জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে নিখোঁজ জেলেদের স্বজনরা দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য কহিনুর বেগম ও তামান্নাসহ অন্যান্যরা তাদের প্রিয়জনদের দ্রুত ফেরত পাওয়ার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত থেকে প্রবাসীদের ডাক-এর প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “নিখোঁজ ১৬ জন জেলে বর্তমানে কোথায় আছেন, কেমন আছেন—তা সরকারকে দ্রুত নিশ্চিত করতে হবে। অবিলম্বে তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
উপকূলীয় জনপদে এখন একটাই প্রশ্ন;কবে ফিরবে সেই ১৬ জেলে? তাদের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে অসংখ্য পরিবার।

মন্তব্য করুন