প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ পিএম

অনলাইন সংস্করণ

লুটপাটে আওয়ামী লীগ সময় নিয়েছিল, বিএনপি সময় নিচ্ছে না: ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

 

জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ব্যাংকিং খাতে লুটপাটের ক্ষেত্রে অতীতে আওয়ামী লীগ সময় নিয়েছিল, কিন্তু বর্তমানে বিএনপি কোনো সময় নিচ্ছে না। এ ধরনের কর্মকাণ্ডের করুণ পরিণতি হবে বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের একটি রেস্টুরেন্টে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, জনগণ যদি ব্যাংক থেকে তাদের আমানত তুলে নিতে শুরু করে এবং প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়, তাহলে দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে এবং তারল্য সংকট দেখা দেবে। এতে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচার চালালেও এখন তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।

বর্তমান সরকার প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি বলেন, গণঅভ্যুত্থানের পর অনেক ত্যাগের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তাদের প্রতি মানুষের প্রত্যাশা ছিল—তারা দেশকে সুশাসনের পথে পরিচালিত করবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বসম্মতিতে গৃহীত অধ্যাদেশগুলো বাস্তবায়নের পরিবর্তে সেগুলো নিজেদের সুবিধামতো পরিবর্তন করা হচ্ছে এবং নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।

৩১ দফা প্রসঙ্গে সাদ্দাম দাবি করেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে আন্তরিকতা দেখা যাচ্ছে না। প্রশাসনে দলীয় নিয়োগ না দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে বলেও তিনি উল্লেখ করেন।

ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, কিছু ব্যাংকে তারল্য সংকট দেখা দেওয়ার পর গ্রাহকেরা টাকা তুলতে পারেননি। সে সময় জারি করা একটি অধ্যাদেশে অর্থ পাচারকারীদের মালিকানা সীমিত করার কথা বলা হলেও পরবর্তীতে সেটি শিথিল করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সাদ্দাম দাবি করেন, একটি প্রভাবশালী গোষ্ঠী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে।

এসময় ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন