প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২০ এ এম

অনলাইন সংস্করণ

দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার প্রকৌশলী, প্রতিবাদে ঢাকা পলিটেকনিকে মানববন্ধন আজ

 

আরমান খান ছামির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর একটি চলমান সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে উপসহকারী প্রকৌশলী মির্জা মোঃ তরিকুল ইসলাম হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে প্রকল্পের কাজের মান ও ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগত মান নিয়ে প্রশ্ন তোলায় সংশ্লিষ্ট ঠিকাদার ও তার সহযোগীরা তার প্রতি মারমুখী আচরণ করে। অভিযোগ রয়েছে, অনিয়মের বিষয়ে জবাবদিহিতা চাওয়ায় তারা বাঁশ নিয়ে তেড়ে এসে প্রকৌশলীকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি প্রাণরক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের ঘটনা শুধু একজন দায়িত্বশীল প্রকৌশলীর প্রতি অবমাননা নয়, বরং পুরো প্রকৌশলী সমাজের পেশাগত মর্যাদা ও সততার সাথে দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা।

উক্ত ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী প্রকৌশলীর শিক্ষা প্রতিষ্ঠান ও সাবেক কর্মস্থল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আজ ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই মানববন্ধনের মাধ্যমে প্রকৌশলীদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে।

মন্তব্য করুন