প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

মার্কিন অবরোধ উপেক্ষা করে পারস্য উপসাগরে প্রবেশ নিষেধাজ্ঞাভুক্ত সুপার ট্যাংকার

ছবি: সংগ্রীহিত

পারস্য উপসাগরে আবারও প্রবেশ করেছে মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত একটি বিশাল তেলবাহী জাহাজ (সুপার ট্যাংকার)। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

এলএসইজি ও কেপলারের তথ্যের বরাতে আল জাজিরা জানায়, ‘আরএইচএন’ নামের একটি খালি সুপার ট্যাংকার বুধবার হরমুজ প্রণালি পেরিয়ে উপসাগরে প্রবেশ করে। জাহাজটি একবারে প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহন করতে সক্ষম।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছিল, সোমবার থেকে শুরু হওয়া তাদের নৌ অবরোধ ভেদ করে কোনো জাহাজ প্রবেশ করতে পারেনি এবং অন্তত ১০টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে নতুন এই তথ্য সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে।

জাহাজটির চূড়ান্ত গন্তব্য এখনো নিশ্চিত নয়। তবে ইরানের ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি ইরানি সুপার ট্যাংকার অবরোধ উপেক্ষা করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের তেল রপ্তানি ও নৌ চলাচল অব্যাহত রেখেছে। সাম্প্রতিক এই ঘটনা পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বাড়াতে পারে।

এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া অবরোধকৃত এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট নৌযান আটক, পথ পরিবর্তন কিংবা বাজেয়াপ্ত করা হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলোতে অবস্থানরত বা সেখানে প্রবেশকারী সব জাহাজই মার্কিন নৌ অবরোধের আওতায় থাকবে। অবরোধ চলাকালে কোনো ধরনের হামলার ঘটনা ঘটলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য এবং সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি দাবি করেছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ক্ষেত্রে যেমন যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে, তেমনি বর্তমান নৌ অবরোধও সফল হবে না।

এর আগে গত ১৩ এপ্রিল আরব সাগরে মার্কিন অবরোধ অমান্য করে ‘রিচ স্টারি’ নামের একটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের আগে জাহাজটির নাম ছিল ‘ফুল স্টার’। তেহরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে জাহাজটিকে কালো তালিকাভুক্ত করা হয়।

মন্তব্য করুন