প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:৫০ পিএম

অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক, কেঁপে উঠল পাকিস্তান:

ছবি: সংগ্রীহিত

 

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান-এর রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে প্রতিবেশী আফগানিস্তান-এর পার্বত্য অঞ্চলে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা।

পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে। এর প্রভাবে ইসলামাবাদের পাশাপাশি পেশোয়ার, রাওয়ালপিন্ডি, সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান এবং চিত্রাল এলাকাতেও কম্পন অনুভূত হয়।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। তবে প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ। ফলে মাঝেমধ্যেই এ ধরনের কম্পন অনুভূত হয়।

চলতি মাসের শুরুতেও দেশটির বিভিন্ন অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিও ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এর আগে ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে ইসলামাবাদসহ বিভিন্ন এলাকা।

উল্লেখ্য, ২০০৫ সালে আজাদ কাশ্মীর-এ ভয়াবহ ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং লাখো মানুষ গৃহহীন হন। সর্বশেষ ২০২১ সালে বেলুচিস্তান-এর হারনাই অঞ্চলে ভূমিকম্পে প্রাণহানি ঘটে এবং ভূমিধসের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।

মন্তব্য করুন