প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০২:১০ পিএম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাই

ছবি : সংগৃহীত

 

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে নেওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্তে অগ্রগতি হয়েছে জানিয়ে শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনার আশা প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ ও যাচাই চলছে। আশা করা হচ্ছে, দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, রাজধানীতে সংঘটিত গুরুত্বপূর্ণ অপরাধের মতো এ ঘটনাটিও তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

যেভাবে ছিনতাই হয়

গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরায় র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে থাকা ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া অর্থ ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। সাধারণত প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিক্রির অর্থ ব্যাংকে জমা দেওয়া হতো।

তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের বিক্রির অর্থ রোববার একসঙ্গে ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল। এ কারণে ওই দিন বহন করা টাকার পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ছিল। আর তখনই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মালিকানায় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য

ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে তাসীন আক্তার হক যুক্ত। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে—এমন তথ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন