প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০৭:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
আলী হামজা
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবন দীর্ঘদিনের জরাজীর্ণতায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পুরোনো ভবনের দেয়াল, ছাদসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে এবং বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ে। এতে শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুন্ডু বলেন, ভবনটি অনেক পুরোনো ও জরাজীর্ণ হয়ে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ বলেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। শ্রেণিকক্ষে যাতে কোনোভাবেই পাঠদান না করানো হয়, সে বিষয়ে বলা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন