প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে দিল্লি–ওয়াশিংটনের সমঝোতা

ওয়াশিংটন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক

স্টাফ রিপোর্টার:

ওয়াশিংটন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ বা ‘ক্রিটিক্যাল মিনারেলস’ অনুসন্ধান, খনন ও প্রক্রিয়াজাতকরণে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আনুষ্ঠানিক কাঠামোয় আনার বিষয়ে আলোচনা হয়।

জয়শঙ্করের ভাষ্য অনুযায়ী, বৈঠকে ভারত–যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্বের নানা দিক গুরুত্ব পায়। এর মধ্যে বাণিজ্য, জ্বালানি, পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রযুক্তি সহযোগিতা উল্লেখযোগ্য। এ খবর জানিয়েছে অনলাইন এনডিটিভি।

এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর বলেন, পারস্পরিক স্বার্থ এগিয়ে নিতে বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে দ্রুত বৈঠক আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমি পিগটের জারি করা এক বিবৃতিতে জানানো হয়, মার্কো রুবিও ও এস. জয়শঙ্কর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্পাদিত ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা মত দেন যে, গণতান্ত্রিক দেশগুলো একসঙ্গে কাজ করলে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে এবং অভিন্ন জ্বালানি নিরাপত্তা লক্ষ্য অর্জন সহজ হবে। বৈঠক শেষে তারা কোয়াড কাঠামোর আওতায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলাকে অভিন্ন স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, জয়শঙ্কর–রুবিও বৈঠকটি অনুষ্ঠিত হয় এমন সময়ে, যখন এর আগের দিনই প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন যে, ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় ওয়াশিংটন ভারতের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামাবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ২ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সফরকালে বুধবার রুবিওর আহ্বানে আয়োজিত ক্রিটিক্যাল মিনারেলস বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া এই সফরে তিনি যুক্তরাষ্ট্র প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও একাধিক বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্তব্য করুন