প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ১১:৩৯ এ এম

অনলাইন সংস্করণ

সাওদা সুমির গ্রেপ্তার অন্যায় ও মানবাধিকারের পরিপন্থি: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার:
ভোলায় নারী কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি অবিলম্বে সাওদা সুমির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ভোলা পৌরসভা মহিলা শাখার কর্মী সাওদা সুমিকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়, অমানবিক ও মানবাধিকারের পরিপন্থি।

বিবৃতিতে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনামূলক একটি স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার এবং সরকারবিরোধী মত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। সাওদা সুমির গ্রেপ্তার সরকারের দমনমূলক মানসিকতার বহিঃপ্রকাশ বলেও তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, একটি স্বাধীন দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে ভয়-আতঙ্ক সৃষ্টি করতে পারে।

এ ঘটনায় দেশের সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, আইনজীবী ও সাংবাদিকদের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী অধিকার নিয়ে সোচ্চার বিভিন্ন সংগঠন এ ঘটনায় নীরব ভূমিকা পালন করছে।

বিবৃতির শেষে মিয়া গোলাম পরওয়ার সাওদা সুমির অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত ও দমন-পীড়ন বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

মন্তব্য করুন