প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদে জামায়াতের বিবৃতি

স্টাফ রিপোর্টার:

দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। রবিবার (১৫ মার্চ) এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, সদ্য গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তার দাবি, এ সিদ্ধান্তের মাধ্যমে সরকার শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হওয়াই গণতন্ত্রের মৌলিক ভিত্তি। অথচ সরকার নির্বাচনের পরিবর্তে প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, যা জনগণের ভোটাধিকার ও প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরিবর্তে এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করবে এবং রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করবে। তার মতে, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর পরিবর্তে নিয়োগনির্ভর ব্যবস্থার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া। এর অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনের বিষয়ে জনগণের প্রত্যাশা ছিল ইতিবাচক।

এ অবস্থায় ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়াকে তিনি জনআকাঙ্ক্ষার পরিপন্থী ও নৈতিকভাবে গর্হিত বলে মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে জেলা পরিষদে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব অর্পণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি তিনি গণতন্ত্রকামী জনগণকে স্থানীয় সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
 

মন্তব্য করুন