প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২২ পিএম

অনলাইন সংস্করণ

৪ কোটি চাঁদা ও গলা পর্যন্ত পুঁতে নির্যাতনের মামলার আসামী জামিনে মুক্ত


নুরুল্লাহ সোহান :

‎যশোরের অভয়নগরে আলোচিত ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে নির্যাতন এবং ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম আসামি আসাদুজ্জামান জনি কারাগার থেকে মুক্ত হয়েছেন।


‎তাকে  ১৩ আগস্ট ২০২৫, খুলনার হোটেল রোজ গার্ডেন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে অভয়নগর থানায় হস্তান্তর করেন।   কিছু সময় কারাগারে থাকার পর সম্প্রতি আদালতের আদেশে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।


‎মামলার এজাহার অনুযায়ী, জনি ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছে ৪ কোটি টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ রয়েছে, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে ৪ কোটি টাকা আদায় করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।


‎ঘটনার পর জনি, তার পিতা এবং আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।


‎জানাগেছে, আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২৪ সালের ২১ নভেম্বর তার পদ স্থগিত করা হয়। স্থানীয় রাজনৈতিক সূত্রের মতে, পদ হারানোর পরও তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে এসেছেন।


‎পুলিশ সূত্রে জানা গেছে, জনির বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ভূমি দখলসহ একাধিক মামলা রয়েছে।
‎স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তার মুক্তির পর এলাকায় প্রভাব বিস্তারের সম্ভাবনা রয়েছে। তবে আশা করি আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।”

মন্তব্য করুন